ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল তার বিরুদ্ধে উত্থাপিত জমি আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ইউসুফ হাকিম সোহেল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে একজন নারীকে সামনে এনে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এটি মূলত একটি উদ্দেশ্যপ্রণোদিত ‘মিডিয়া ট্রায়াল’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।
‘বন্ধন ফুড এন্ড বেভারেজ লিমিটেড’-এর মালিকানা ও জমি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ইউসুফ হাকিম সোহেল বলেন, কোম্পানি ও জমির লেনদেন সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদন, বোর্ড রেজুলেশন এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মালিকানা হস্তান্তর করা হয়। পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিশের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে জানানো হয়েছিল।
তিনি আরও জানান, ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে তিনি জমির খাজনা পরিশোধ করে আসছেন। জমি ক্রয়ের পর সেখানে এক বছর ধরে সাইনবোর্ড টাঙানো ছিল, তখন কেউ কোনো আপত্তি তোলেনি। দীর্ঘ নয় বছর পর নির্বাচনের সময় এ ধরনের অভিযোগ উত্থাপন করাকে তিনি হাস্যকর বলে উল্লেখ করেন।
সাড়ে চার কোটি টাকার লেনদেন প্রসঙ্গে ইউসুফ হাকিম সোহেল বলেন, নগদ অর্থ পরিশোধে সংশ্লিষ্ট পক্ষ ব্যর্থ হলে স্বেচ্ছায় ও আইন অনুযায়ী কোম্পানির সম্পত্তি তার কাছে হস্তান্তর করা হয়। এতে কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই।
তিনি জানান, যে পাঁচজনের কাছ থেকে তিনি মালিকানা গ্রহণ করেছেন, তাদের একজন ফরহাদের দ্বিতীয় স্ত্রী ফাতেমা এই অভিযোগ তুলেছেন। অথচ প্রকৃত অংশীদার ফরহাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই।
সংবাদ সম্মেলনে ইউসুফ হাকিম সোহেল বলেন, যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে উক্ত জমি কিংবা কোম্পানির কোনো দাপ্তরিক লেনদেন বা সম্পর্ক নেই। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই তাকে সামনে আনা হয়েছে।
এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের বিরুদ্ধে তিনি প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।