পান্ডুঘর সামসুদ্দিন আহাম্মদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠিত
চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
এক যুগ, একসাথে-এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পান্ডুঘর গ্রামের ঐতিহ্যবাহী পান্ডুঘর সামসুদ্দিন আহাম্মদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১ম পূর্ণমিলনী।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পূর্ণমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে স্মৃতিচারণ, আনন্দ ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজউদ্দীন আহাম্মদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.ওয়াই.এম জিয়াউদ্দীন আল-মামুন, (সচিব, পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ), মোঃ মিন্টু মোল্লা ( জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ পুস্তক সমিতি) , এম. জে. নাইয়ুম ভূঁইয়া, (প্রধান শিক্ষক, কোরবানপুর), রাজীব , রাজু (সহকারী শিক্ষক, কোরবানপুর)
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত এই পূর্ণমিলনীতে স্মৃতিচারণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সফল ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রথম পূর্ণমিলনী