
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির ব্যতিক্রমী উদ্যোগ: ৪০০ অসহায় পরিবারের ঘরে পৌঁছাল ঈদের মাংস
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
ঈদ মানেই আনন্দ আর ভাগাভাগির উৎসব। কিন্তু আর্থিক দৈন্যদশার কারণে প্রতিবছরই বহু দরিদ্র ও অসহায় পরিবারের ঘরে ঈদের দিনেও একটু মাংস জোটে না। সেই রূঢ় বাস্তবতাকে সামনে রেখে এবার ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। তাঁর নির্দেশনায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ৪০০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ঈদের ঠিক একদিন আগে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ৪০০টি অসহায় পরিবারের দোরগোড়ায় এক কেজি করে মাংস পৌঁছে দেওয়া হয়েছে। এই উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করা হয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে মুসলিম পরিবারগুলোর জন্য গরুর মাংস এবং হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম জানান, "উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি শুধু কোনো প্রথাগত খাদ্য সহায়তা নয়; বরং এটি ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা সবার মাঝে সমানভাবে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা।"
মাননীয় প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠা এই পদক্ষেপের ফলে সুবিধাবঞ্চিত পরিবারগুলোও এবার উৎসবের আনন্দে মেতে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।