বাঙ্গরা বাজার থানায় ৫০ পিস ইয়াবাসহ নারী আটক
চাঁদনী আক্তার,বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৫০ পিস ইয়াবাসহ ইয়াছমিন আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চাপিতলা ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজসংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদেরের নির্দেশে এসআই রিয়াজুল মোস্তফা ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালান। সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে ইয়াছমিন আক্তারকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, আটক নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধানে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। ইয়াবাগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
এ বিষয়ে ওসি আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

