
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য মীর মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইয়াছিন বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা করতে হবে। তিনি বলেন, শুধু একদিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রতিদিনের জীবনযাপনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ। তবে আইন কার্যকর করতে হলে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং তরুণ সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পলিথিন মাটি ও পানি দূষণের অন্যতম কারণ। এর কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে, পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী-খালের স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; মানুষের মানসিকতার পরিবর্তনও জরুরি। তরুণ সমাজ এগিয়ে এলে পরিবেশ সচেতনতা আরও দ্রুত ছড়িয়ে পড়বে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও তরী বাংলাদেশের সদস্য মোল্লা মো. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, সহসভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক আলী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কাজী লিটন মিয়া, মেহেদী হাসান বাবু, আশিকুর রহমান জামাল, জোনায়েদ আহমেদ তিতাস, মেহেদী হাসান, শুভ, আশরাফ উদ্দিন, খোরশেদ আলম, আলী নুর, প্রবাসী আল আমিন, আরিফুল ইসলাম রিহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।