নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে যুব রেড ক্রিসেন্ট, বাঞ্ছারামপুর উপজেলা দল। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের দলনেতা ইমন হাসান। সভা পরিচালনা করেন মো. সবুজ মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন যুব রেড ক্রিসেন্ট নবীনগর ও কসবা উপজেলা দলের প্রতিনিধি রকিবুল হাসান শুভ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসীর, বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমান উল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, দুদকের সভাপতি আলহাজ দুধ মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন রিপন, বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট শিক্ষক মো. শেখ ফরিদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, “মাদক একটি সমাজ ধ্বংসের নীরব অস্ত্র। এর ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এ সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা। তারা মানবিক মূল্যবোধসম্পন্ন ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের উপ-দলনেতা মো. মাহমুদউল্লাহ, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের উপ-প্রধান আরিফুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ইফরাত জাহান ইমি এবং বাঞ্ছারামপুর সরকারি কলেজ দলের দলনেতা মো. ফয়সাল আহমেদ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করেন এবং সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।