বাঞ্ছারামপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, বিচার চেয়েছেন শিশুটির পিতা
ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। গ্রেফতারের একদিনের মাথায় অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ায় মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা মো. ছানাউল্লাহ।
গত ২১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় আলিয়া মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিকে জোরপূর্বক নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে আসলে পরিবার ঘটনাটি জানতে পারে।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, তিনি প্রথমে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে ২২ সেপ্টেম্বর আদালতে পাঠায়। তবে অল্প সময়ের মধ্যেই সে জামিনে বের হয়ে আসে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সানাউল্লাহ তার মেয়ের জন্য ন্যায়বিচার দাবি করেছেন।
শিশুটিকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। জামিন দেওয়ার এখতিয়ার আদালতের।”
এদিকে শুক্রবার অভিযুক্ত কিশোরের বাড়িতে গেলে পুরুষ সদস্যদের পাওয়া যায়নি, নারীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
