কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি কুমিল্লার বাংগরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের কৃতী সন্তান।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুধবার আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি কিছুটা গোপনীয়ভাবে সম্পন্ন হলেও পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বলেন,আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র কেনা হয়েছে এটি নিশ্চিত।
এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে তিনি বলেন,
আসিফ মাহমুদ আমাদের কাছে তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।
মনোনয়নপত্রের রেজিস্ট্রার অনুযায়ী, আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনের ভোটারও হয়েছেন এবং সেখানে প্রচারণা চালাচ্ছেন। তবে মুরাদনগর আসনে নির্বাচন করার বিষয়ে তাঁর সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মিনহাজুল হক আরও বলেন,
জোট রাজনীতিতে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। সে কারণেই একাধিক আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও সময় আছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপির সর্বাধিক ২৭টি, জামায়াতের ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ২১টিসহ অন্যান্য দলের মনোনয়নপত্র রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন,
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র কিনেছেন। তিনি নিজে উপস্থিত না থাকায় বিষয়টি প্রথমে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তাছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রির কার্যক্রমও বন্ধ ছিল।

