বাঞ্ছারামপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সম্প্রতি আলোচিত মোকবল হোসেন হত্যাকাণ্ড এবং শান্তিপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ও আহতের ঘটনা নিয়েও আলোচনা হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুধ মিয়া, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী, বাঞ্ছারামপুর ছোবহানিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল রুহুল আমিন এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

