বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সামিন মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল অভিযান পরিচালনা করে। উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় মায়ের দোয়া স্যানিটারি টাইলস অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে নবীনগর-বাঞ্ছারামপুর-ফেরিঘাটগামী পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
এ সময় আটক সামিন মিয়ার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্য ও গাড়িটি জব্দ করা হয়।
আটক সামিন মিয়া (২১) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফিরদ মিয়া এবং মায়ের নাম পারুল বেগম।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

