ফ্যামিলি কার্ড শুমারি: সুপারভাইজার নিয়োগে রোল ৭০০৩ নিয়ে বিভ্রান্তির অবসান, নথিতে মিলল স্পষ্ট ব্যাখ্যা
ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় রোল নম্বর ৭০০৩ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে একটি তথ্যভিত্তিক ব্যাখ্যা পাওয়া গেছে।
জানা গেছে, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তবে পরীক্ষার দিন সকালে কয়েকজন আবেদনকারী তাঁদের আবেদন বাতিল হওয়ার বিষয়ে আপত্তি জানান। এরপর নিয়োগ কমিটি সংশ্লিষ্ট আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় যাচাই করে।
পুনঃযাচাইয়ে দেখা যায়, কিছু আবেদন চার বছর মেয়াদি ডিপ্লোমা সংক্রান্ত যোগ্যতা নির্ধারণের কারণে পুনর্বিবেচনার প্রয়োজন হয়। এছাড়া কয়েকজনের আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র অসম্পূর্ণ ছিল। আবার কিছু আবেদন তথ্যগত ত্রুটির কারণে নির্ধারিত পদের পরিবর্তে অন্য পদের ডেটাসেটে অন্তর্ভুক্ত হয়েছিল।
এমনই একটি ঘটনা ঘটে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের এক আবেদনকারীর ক্ষেত্রে। তিনি সুপারভাইজার পদে আবেদন করলেও অনলাইন ডেটা প্রক্রিয়াকরণের সময় তাঁর আবেদন তথ্য সংগ্রহকারী পদের তথ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে সুপারভাইজার পদের প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।
পরীক্ষার দিন আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই শেষে নিয়োগ কমিটি বিষয়টি বিবেচনা করে মোট পাঁচজন আবেদনকারীকে তাঁদের নিজ নিজ ইউনিয়নের ধারাবাহিক রোল নম্বর প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়। ওই আবেদনকারীকে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের ধারাবাহিকতায় রোল নম্বর ৭০০৩ দেওয়া হয় এবং তিনি নির্ধারিত সময়েই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায়, তাঁর দাখিল করা আবেদনটি সুপারভাইজার পদের জন্য ছিল। একই সঙ্গে Kobo Toolbox-এর ব্যবহারিক পরীক্ষার তথ্য, Google Sheet-এর টাইমস্ট্যাম্প এবং পরীক্ষার উপস্থিতির রেকর্ডে তাঁর অংশগ্রহণের তারিখ ও সময় সংরক্ষিত রয়েছে। এছাড়া নিয়োগ কমিটির স্বাক্ষরিত ফলাফল শিটেও তাঁকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত লিপিবদ্ধ আছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, রোল নম্বর ৭০০১ ও ৭০০২-এর পর ৭০০৩ সংযোজন কোনো অতিরিক্ত সুবিধা প্রদান বা পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তনের ঘটনা নয়। বরং আবেদন-তথ্যের অবস্থানগত ত্রুটি সংশোধনের মাধ্যমে যাচাইযোগ্য কাগজপত্রের ভিত্তিতে পরীক্ষার দিনই নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।
প্রয়োজনে পুরো বিষয়টি আরও যাচাই করার জন্য পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, Kobo Toolbox-এর তথ্য, Google Sheet-এর ডিজিটাল রেকর্ড এবং দায়িত্বপ্রাপ্ত ভাইভা বোর্ডের সদস্যদের বক্তব্য পর্যালোচনা করা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সংগততা নিশ্চিত করতেই সব সিদ্ধান্ত লিখিত নথি ও ডিজিটাল রেকর্ডের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।

