বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদউদ্দিন খাঁন জাবেদের সমর্থনে নির্বাচনী জনসভা
সফিকুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদউদ্দিন খাঁন জাবেদের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি বটতলী বাজারে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাইদউদ্দিন খাঁন জাবেদ। জনসভায় সভাপতিত্ব করেন ফরদাবাদ ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাবেক ছদর আব্দুল হালিম মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি শামসুল হক সুমন, উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন খাসনগরী, উপজেলা মুজাহিদ কমিটির সদর মুফতি সাজেদুল হক খায়রী, সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, ফরদাবাদ ইউনিয়ন সভাপতি খসরু ইবনে অধুদ, সহ-সভাপতি হাজী মো. ফুল মিয়া, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবদুল কাইয়ুম, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি অহিদুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আক্তার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন শাখার ইমাম কাম অডিটর মাওলানা আবু বকর, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ফরদাবাদ ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবু বকর ফরদাবাদীসহ স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সাইদউদ্দিন খাঁন জাবেদ বলেন, আসন্ন নির্বাচনে জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে নেমেছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করতে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের কল্যাণ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার রাজনীতি করে। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভা উপলক্ষে শামীম ও কাউছারের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে পূর্বহাটি বটতলী বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
সভাটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা সহ-সভাপতি মুফতি সহিদুল ইসলাম মাদানী। জনসভায় ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

