বাঞ্ছারামপুরে বিদ্যুৎ সাবস্টেশনের পাশে গ্যাস সিলিন্ডার বিক্রি! ঝুঁকির মুখে কোটি টাকার রাষ্ট্রীয় স্থাপনা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ | প্রতিবেদক: বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার মাতুবাড়ি মোড়ে অবস্থিত কোটি টাকার বিদ্যুৎ সাবস্টেশনটি এখন রয়েছে চরম ঝুঁকির মুখে। মাত্র কয়েক গজ দূরত্বে অবাধে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও গ্যাসচালিত চায়ের দোকানের কার্যক্রম। অথচ এই স্থাপনাটি সরকার ঘোষিত KPI (Key Point Installation) তালিকাভুক্ত – অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা।
৫০-৬০ কোটি টাকার সাবস্টেশন, অথচ সুরক্ষা নেই! প্রায় ৪০ শতক জমির উপর নির্মিত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বাঞ্ছারামপুর জোনাল সাবস্টেশনটি বিদ্যুৎ সরবরাহে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু এই স্থাপনার সীমানা ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। কোনোটি ব্যক্তি মালিকানায়, আবার অনেকগুলো দোকান বসেছে সরকারি রাস্তা দখল করে।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের কমান্ডার আ. কাদের বলেন, “গ্যাস লিক হলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে এ ধরনের দোকান রাখা একেবারেই বিপজ্জনক। আমরা লাইসেন্সসহ বিষয়গুলো তদন্ত করব।”
বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে বসবাসকারী একাধিক বাসিন্দা বলেন, “সিলিন্ডার তো দাহ্য পদার্থ। একটু অসতর্কতা মানেই বিস্ফোরণ। এতে মানুষের জীবন আর কোটি টাকার সম্পদ দুটোই ঝুঁকির মুখে পড়বে।”
বিদ্যুৎ সাবস্টেশনের ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে পুরো বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। KPI এলাকায় দাহ্য পদার্থ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। অচিরেই সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

