বসন্ত টিভি ,ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে হেফাজতে থাকা অবস্থায় আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের দিনমজুর আবুল মিয়ার ছেলে।
ঘটনার পর সোমবার (২৯ সেপ্টেম্বর) ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরিবারের অভিযোগ, আব্দুল্লাহকে আটক করে চারদিন ফাঁড়িতে রাখা হয় এবং ভয়াবহ নির্যাতনের শিকার করা হয়। হাতের নখ উপড়ে ফেলা হয়, মাথায় আঘাত করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ফাঁড়ির ইনচার্জসহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আব্দুল্লাহর মৃত্যুতে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয় এবং ফাঁড়িটি বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ সুপার মো. এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

