জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন এমপি প্রার্থী অধ্যাপক নকিবুল হুদা ও প্রশাসনের প্রতিনিধিরা
রোজিনা বেগম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জুলাই (বুধবার) ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদ মো. ইসমাইল হোসেন ও শহীদ আশিকুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শহীদ ইসমাইল হোসেনের কবর জিয়ারত করা হয় বাঞ্ছারামপুর পৌরসভার নতুনহাটি গ্রামে এবং শহীদ আশিকুর রহমানের কবর জিয়ারত করা হয় দড়িকান্দি ইউনিয়নের গোকলনগর গ্রামে। এ সময় দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী মনোনীত একক এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জামিল হাসান। এছাড়া জামায়াতে ইসলামী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ—মোহাম্মদ এনামুল হক, মাওলানা জাকারিয়া, মোহাম্মদ আলী লিটন মিয়া ও মো. আবু কাউছার প্রমুখ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ২৪ জুলাই স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করেন বাঞ্ছারামপুরের দুই সূর্যসন্তান—গোকলনগরের আশিকুর রহমান ও নতুনহাটির ইসমাইল হোসেন। তাঁদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ আজও গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করে।

