আজ সকালটা অন্য দিনের চেয়ে ছিল কিছুটা ভিন্ন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান একুশে একাডেমি স্কুলে হঠাৎ বজ্রপাতের ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
৭ আগস্ট, বুধবার সকাল আনুমানিক ১১টা যখন শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাসে ব্যস্ত, ঠিক তখনই বজ্রপাতের বিকট শব্দে কম্পিত হয় পুরো এলাকা। আচমকা ঘটনার শিকার হয় স্কুলের পরিচ্ছন্নকর্মী ও ৯ জন শিক্ষার্থী।
বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রকার দেরি না করে আহতদের দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চলে চিকিৎসা কার্যক্রম।
চিকিৎসা শেষে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া জানান—“ঘটনার পরপরই আমাদের শিক্ষকরা উদ্যোগ নিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেন। সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি।”
স্থানীয়দের তৎপরতা এবং শিক্ষকদের দ্রুত প্রতিক্রিয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তবে এই ঘটনায় অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে বজ্রঝড়ের সময় স্কুলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

