চরলহনীয়া ফাইভ স্টার কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চরলহনীয়া ফাইভ স্টার কিন্ডার গার্টেনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা জেনারেল হসপিটাল অ্যান্ড ডক্টরস ডায়াগনস্টিক ল্যাবের চেয়ারম্যান মোহাম্মদ রাফিউল হাকিম (মহিউদ্দিন)। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিছ নাছিমা রহমান এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রূহুল আমিন মাস্টার।
প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. মুছা (বি.এস.এস) এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম শামীম, মোহাম্মদ মহাসিন, হারুন সরকার, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, সমাজসেবক সানাউল্লাহ হক ঝন্টু, ব্যবসায়ী আবু মুছা, শফিকুল ইসলাম তারেক, তোফাজ্জল হোসেন মাস্টার, নুরে আলম, আবু কাউসার আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির আহমেদও।
দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, ইংরেজিতে বক্তব্য এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত আয়োজন ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাংবাদিক রোমন হায়দারকেও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিশুদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করে।

