ঘর তল্লাশিতে মিলল ১০ বোতল ভারতীয় ম/দ, মালিক পলাতক
এটিএম আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দসদোনা (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ওই এলাকার হাজী বাড়ির বাসিন্দা মো. হাসান মিয়ার টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ঘরের ভেতরে রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে অবৈধ নেশাজাতীয় ১০ বোতল ভারতীয় মদ (প্রতি বোতল ৭৫০ মিলিলিটার) উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. হাসান (৪৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, উদ্ধার করা মদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। পলাতক আসামি মো. হাসান দসদোনা (মধ্যপাড়া), ২ নম্বর ওয়ার্ড, বাঞ্ছারামপুর পৌরসভা, জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

