মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, সহায়তা পেল ৫ শতাধিক পরিবার
চাঁদনী আক্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংগঠন খলিফা ফাউন্ডেশন (UAE AID)।
শনিবার (৭ মার্চ) মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীর ছোট ভাই ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন, বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান এনামুল হক খন্দকার এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। এ ধরনের সহায়তা সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
এ সময় কাজী শাহ আরেফিন খলিফা ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, পবিত্র রমজান মাসে মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।
বিতরণ করা প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ছিল।
রমজান মাসে দরিদ্র পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘব করতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

