মুরাদনগরে বাংলাদেশ রিপাবলিকান পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন
চাঁদনী আক্তার, বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টির উপজেলা প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের খুরুইল দক্ষিণপাড়া এলাকায় বুটিয়াকান্দি দরবার শরীফ সংলগ্ন স্থানে এ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মুরাদনগরে দলটির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী পীরজাদা মাওলানা এমদাদুল হক। উদ্বোধন পরবর্তী সমাবেশে তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন এবং ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি ‘হাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা এমদাদুল হক বলেন,
আমি নির্বাচিত হলে সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে মুরাদনগর থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আপসহীন যুদ্ধ ঘোষণা করব। এই পবিত্র মাটিতে আর কোনো সন্ত্রাসী ও মাদক কারবারির ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, মুরাদনগরে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং দীর্ঘদিনের দাবি অনুযায়ী ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের বর্তমান পীর ড. শাহ সুফি এনামুল হক। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাওলানা মফিজুল ইসলাম, আনোয়ারুজ্জামান আনু, মো. সহিদুল ইসলামসহ বাংলাদেশ রিপাবলিকান পার্টির স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মুরাদনগরে বাংলাদেশ রিপাবলিকান পার্টির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

