যুবসমাজের কাঁধে আগামীর সোনারামপুর: ফজর ক্যাম্পেইনে মাদকবিরোধী সচেতনতার ডাক
চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন সোনারামপুর কেন্দ্রীয় জামে মসজিদে ভোরের কুয়াশা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী দৃশ্য। যুব সমাজকে নামাজমুখী করতে মসজিদ কমিটির নেওয়া ‘ফজর ক্যাম্পেইন’-এর প্রভাবে সেখানে ফজরের জামাত এখন তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ কেবল ধর্মীয় জাগরণ নয়—এটি মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক নীরব সামাজিক আন্দোলন।
গত ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগে প্রতিদিন গড়ে প্রায় ১২০ জন মুসল্লি জামাতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আশাব্যঞ্জকভাবে ১০২ জনই এলাকার তরুণ ও যুবক।
ক্যাম্পেইন সফল করতে প্রতিদিন ভোরে বাড়ি বাড়ি গিয়ে যুবকদের নামাজে ডেকে আনছেন মোঃ মোস্তফা মোল্লা, মোঃ রিয়াদ ও মোঃ ইয়ামিন। পুরো কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছেন মোঃ মোস্তফা মোল্লা এবং হাজিরা নিশ্চিত করছেন জাকির হোসেন (মাস্টার)। মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফয়সাল আহমদ মাহমুদীর দিকনির্দেশনা ও দোয়ায় উদ্যোগটি দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে।
এলাকার সচেতন মহলের মতে, ভোরে ঘুম থেকে উঠে মসজিদে আসার অভ্যাস যুবকদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী—
নিয়মিত ইবাদত ও সঠিক নির্দেশনার ফলে যুবকরা মাদক ও আড্ডাবাজি থেকে দূরে থাকছে, ভোরে দিন শুরু করার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিকতা বিকশিত হচ্ছে ,মসজিদমুখী যুব সমাজ এখন এলাকায় মাদক নির্মূলে সচেতন প্রহরীর ভূমিকা পালন করছে, নিয়মিত নামাজে অংশগ্রহণকারী যুবকদের উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে প্রত্যেককে মাপ অনুযায়ী সেলাই করা পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩ নং আন্দিকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াব সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নূর মোহাম্মদ সাইফুদ্দিন (স্বপন সরকার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশিদ আলম (সাবেক মেম্বার, সোনারামপুর)।
এছাড়াও উপস্থিত ছিলেন আজিজুল হক, আব্দুল গনী, জালাল সরকার, জুম্মান সরকার, মিঠু সরকার, মারুফ মাস্টার, হাফেজ ইয়াসিন আরাফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সোনারামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি জাকির হোসেন (মাস্টার)।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে এবং মাদকাসক্তির মতো ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, সোনারামপুরের এই উদ্যোগ সারা দেশের যুব সমাজকে মসজিদমুখী ও নৈতিকতাবান সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

