রোজিনা বেগম ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
১৯২৪ সালে মৌলভী আবদুল বারী প্রতিষ্ঠিত এই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে। এ বছর বোর্ডের গড় ফলাফল যেখানে ৬৮ শতাংশ, সেখানে খাল্লা উচ্চ বিদ্যালয়ে পাশের হার দাঁড়িয়েছে ৭৬ শতাংশ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায়। খাল্লার কৃতি সন্তান নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
তিনি বলেন— মানুষ হওয়া মানেই শুধু শিক্ষিত হওয়া নয়, প্রকৃত মানুষ মানেই মানবিক হওয়া। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিদ্যালয় যদি ৬০ শতাংশ দায়িত্ব নিতে পারে, তবে সন্তানদের গড়ে তুলতে বাকি ৪০ শতাংশ দায়িত্ব অভিভাবকদের পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ওয়ান ব্যাংকের এফ.এ.ভিপি মোঃ সাইফুর রহমান সজিব, সাউথ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী আজাদ, প্রাইম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মাইনুদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, শিক্ষক বিউটি আক্তার প্রমুখ।
পুরস্কার বিতরণের আগে ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

