উৎপাদন বাড়াতে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো কৃষি উপকরণ
রোজিনা বেগম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মানিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ জন কৃষককে তিল চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এছাড়া ১৫০ জন কৃষককে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অন্যদিকে ৭০০ জন কৃষককে আউশ ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, এই সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খরিপ মৌসুমে চাষাবাদে উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

