আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালানো দুই আসামি পুনরায় গ্রেপ্তার, বরখাস্ত ২ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ দুই মাদক মামলার আসামির পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ঘটনার অল্প সময়ের মধ্যেই পুলিশ অভিযানে তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ মে বিকেলে বাঞ্ছারামপুর মডেল থানার আয়ুবপুর কানাইনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ সজল মিয়া (২৭) ও শাহিন মিয়া (২৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য নিয়ে আসা হয়।
আদালত চত্বরে পৌঁছানোর পর মাইক্রোবাস থেকে নামানোর সময় হঠাৎ সুযোগ বুঝে দুই আসামি হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। এতে মুহূর্তেই আদালত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টার মধ্যেই স্থানীয় হাসিনাবাগ এলাকা থেকে সজল মিয়াকে আটক করা হয়। পরে পৃথক অভিযানে বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকা থেকে পলাতক শাহিন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সজল মিয়া বিজয়নগরের কাশিনগর এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে এবং শাহিন মিয়া একই উপজেলার মৃত জালাল মিয়ার ছেলে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল সোহেল ও রয়েল বড়ুয়াকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, আসামিরা হাতকড়া পরা অবস্থায় ছিল, তবুও কীভাবে তারা পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে দুই আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি ঘিরে জেলা জুড়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

