বন্ধু ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে শনিবার (৮ নভেম্বর) বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ তার প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচনা, দোয়া ও র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ফরদাবাদ বাজার থেকে কলেজ পর্যন্ত প্রদক্ষিণ করে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মাহমুদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র উপদেষ্টা ড. রওশন আলম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস মিয়া।
ইকবাল মাহমুদ সুজন বলেন, “বন্ধু ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। বিগত ১০ বছর ধরে আমরা অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের সহায়তা, শিক্ষা ও মেধা বৃত্তি প্রদান, সামাজিক উন্নয়ন কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা এবং প্রতিবন্ধীদের জন্য অর্থায়িত সেবা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
১০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আমিরুল ইসলাম মাহে আলম। এছাড়াও আলোচনা করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সহসভাপতি ফয়সল আহমেদ খান।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ফরদাবাদ উলামা পরিষদের সভাপতি ও ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেমগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন রিসেল এবং সহসাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুলসহ ফাউন্ডেশনের সকল বন্ধুদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।

