বাঞ্ছারামপুরে পুলিশের জোরালো অভিযান: ৫ মাদ/কসেবী আটক, ১৩০ পিস ই/য়া/বাসহ স্বামী-স্ত্রী গ্রে/প্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক অভিযানে গাঁজা সেবনের সময় পাঁচজনকে আটক এবং ১৩০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত ও বুধবার সকালে এ দুটি অভিযান পরিচালিত হয়।
গাঁজা সেবনের সময় ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মো. আলামিন (৪৫), আব্দুল আল মামুন (৩৮), হেলাল মিয়া (৪৫), রফিকুল ইসলাম সোহেল (৪৪) ও টিপু সুলতান (৩৪)।
তল্লাশিতে গাঁজা সেবনের সরঞ্জাম ও প্রত্যেকের কাছ থেকে একটি করে পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চিহ্নিত মাদক কারবারি মো. নজরুল ইসলাম প্রকাশ ‘ডিজে নজু’ (৪২) ও তার স্ত্রী পারুল বেগম (৩২)-এর শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে তাদের হেফাজত থেকে মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে জনগণের সহযোগিতাও প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

