ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার।
এটিএম আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল।
অভিযানকালে শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, উদ্ধারকৃত ককটেলগুলো র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করেছে। পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ আইনগত প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

