বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যা: ১০ দিন পর মূল আসামি সুজন গ্রেফতার
বসন্ত টিভি ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর আক্তার (২৫) হত্যাকাণ্ডের রহস্য ১০ দিন পর উদঘাটন করেছে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে মূল পরিকল্পনাকারী সুজন মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়।
গত ১৬ থেকে ১৮ জুলাই’র মধ্যে বাঞ্ছারামপুর পৌরসভার থানা কলোনির ভাড়া বাসায় শাহিনুরকে হত্যা করা হয়। বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। ১৮ জুলাই রাতে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন শাহিনুরের বাবা, এরপরই মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুজন জানায়, পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের উদ্দেশ্যে শাহিনুরের বাসায় যায় তারা চারজন। টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
মামলাটি তদন্ত করছে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ সুপার শচীন চাকমা এবং এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে টিম কাজ করছে। পলাতক বাকি তিন সহযোগীর গ্রেফতারে অভিযান চলছে।
ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামির গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরেছে, জানিয়েছে স্থানীয়রা।

