বাঞ্ছারামপুরে মাদক ব্যবসার প্রতিবাদের খেসারত, কুপিয়ে রক্তাক্ত করা হলো যুবককে!
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আলামিন (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল ১৮ মে (রবিবার) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি পূর্বকান্দি ৪ নং ওয়ার্ডের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আলামিন ওই এলাকার মৃত মুতি মিয়া সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বহাটি বাজার এলাকায় কবির হোসেন নামের এক ব্যক্তির কথিত মাদক ব্যবসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন আলামিন। ঘটনার রাতে আলামিন বাজারে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ ও বাধা দিলে কবিরের সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে কবিরের পক্ষে শুক্কুর মিয়া ও এলাহিসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলামিনের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন।
এই নৃশংস ঘটনার পর থেকে পুরো পূর্বহাটি এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। মাদক কারবারিদের এমন প্রকাশ্য ও দূরন্ত হামলায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে মূল হোতাসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে এলাকায় মাদকের সিন্ডিকেট নির্মূল এবং প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

