বাঞ্ছারামপুরে জাতীয় সমবায় দিবস পালিত, সফল সমবায়ীদের পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূইয়া। সমবায় পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. অলি আহাদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষকে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেরদাতুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফজলে রাব্বি, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. ফজলুল হক এবং দুর্গারামপুর বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা সমবায় সমিতিগুলোর স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমবায়ের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

