ঢাবি ভিসিকে খাজা ওসমান ফারুকীর বই উপহার দিলেন সাংবাদিক রেজাউল ইসলাম লাকী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তার চিফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকী। রবিবার (২৮ জুন) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশিষ্ট সুফি তত্ত্ববিদ, গবেষক এবং সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকীর রচিত বেশ কয়েকটি মূল্যবান বই উপাচার্য মহোদয়ের হাতে তুলে দেন সাংবাদিক রেজাউল ইসলাম লাকী। উপহার দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে— ‘সুফি সাইকোলজি’, ‘আত্মার নকশা’, ‘সুফি মেডিটেশন’ এবং ‘কুণ ফায়াকুণ’।
বইগুলো গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম লেখকের সাহিত্যকর্ম ও গবেষণার ভূয়সী প্রশংসা করেন। এ সময় সংক্ষিপ্ত আলাপে তারা দেশের শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। উভয় পক্ষই সমাজে জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক গবেষণার প্রসারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপাচার্য বলেন, “জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। মানুষের আজীবন শেখার মানসিকতা থাকা উচিত। আর জ্ঞান সমৃদ্ধ করতে হলে ভালো বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি বই পড়ব, লেখকদের তত বেশি উৎসাহিত করতে পারব। এতে নতুন ও মানসম্মত লেখা সৃষ্টিতে গতি আসবে।”
পরিশেষে তিনি সাংবাদিক রেজাউল ইসলাম লাকী এবং লেখক খাজা ওসমান ফারুকীসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।

